ভোর হতেই খটখট শব্দে সচল হয়ে ওঠে ঢাকার অদূরের এই তাঁতিপাড়া। কাঠের তাঁতে সুতা টানতে টানতে বাবার পাশে বসে কাজ শেখেন তরুণ তাঁতি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই কারিগরি এখনো টিকে আছে হাতে গোনা কয়েকটি পরিবারের হাত ধরে।
তবে কারিগররা বলছেন, সস্তা আমদানি করা কাপড়ের ভিড়ে হাতে বোনা কাপড়ের বাজার সংকুচিত হয়ে আসছে। উপকরণের দাম বাড়লেও মজুরি বাড়েনি সেই হারে, ফলে নতুন প্রজন্মের অনেকেই এই পেশা ছেড়ে শহরমুখী হচ্ছেন। তবু যারা রয়ে গেছেন, তারা বলেন—এই তাঁত শুধু জীবিকা নয়, পরিচয়ও।
