টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিধ্বস্ত দক্ষিণ চট্টগ্রাম। সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ায় পানিবন্দি লাখো মানুষ।

বন্যার্তদের পাশে সরেজমিনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

শুক্রবার (১০ জুলাই) সকালে এই দুর্গত এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী জেলেপাড়ায়। সেখানে কোমরসমান পানি ঠেলে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলেন পানিবন্দি পরিবারগুলোর সঙ্গে। পরে যান সাতকানিয়ার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়ন এবং লোহাগাড়ার বন্যাকবলিত এলাকায়। প্রতিটি স্থানে জামায়াতের নিজস্ব তহবিল থেকে দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শুধু সরকারের ওপর নির্ভর না করে বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাঁশখালীর দীর্ঘদিনের বন্যা সমস্যা নিয়েও কথা বলেন শফিকুর রহমান। জানান, সমস্যার স্থায়ী সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে, এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মিলে এলাকার উন্নয়নে কাজ করা হবে।

দিনের কর্মসূচি শেষ হয় বাঁশখালীর বাণীগ্রাম কুইন প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত বৃহৎ পরিসরের ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এবং স্থানীয় নেতারা।

উল্লেখ্য, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বেশ কয়েকটি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ধসে প্রাণহানির খবরও পাওয়া গেছে। এখনও বহু পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।